
প্রতিষ্ঠাতার বানী
মোঃ সারওয়ার জাহান
প্রতিষ্ঠাতা সভাপতির কথা
১৯৮৬ সাল, বিশ্ববিদ্যারয়ে প্রথম বর্ষের শেষ দিকে। কারিতাস অফিসের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস ধরতে রাজশাহী কোর্ট বাসস্ট্যান্ডে যেতাম। মাঝে মধ্যেই দেখতাম কারিতাস অফিস থেকে নানান বয়সের ছেলে-মেয়ে বের হচ্ছে, সেখানে আমাদের পাড়ার অনেক খৃষ্টান পরিবারের সন্তানও ছিল। তাদের কাছে শুনতাম কারিতাস-এর হলরুমে নানাধরনের সমিতির মিটিং হয়। এইসব সমিতির মাধ্যমে তাদের সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে, প্রয়োজনে এখান থেকে ঋণ নিয়ে নিজের বা পরিবারের কাজে লাগানো যায়। সমিতির একটা চিন্তা এখান থেকেই আসে।
সেই সময় আমাদের এলাকায় কিশোর কুঁড়ির মেলা, মুকুল ফৌজ, দিগন্ত প্রসারী সংঘের মত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের ক্লাব বা প্রতিষ্ঠান থাকলেও আর্থিক সংশ্লেষ সম্পর্কিত কোন প্রতিষ্ঠান ছিল না। সঞ্চয়ের অভ্যাস সেই সঙ্গে নিজেদের সামান্য আর্থিক ভিত্তি গড়ে তোলার জন্য স্কুলগামী একেবারে ছোট বাচ্চাদের নিয়ে ১১জন মিলে `মহিষবাথান পূর্বপাড়া শিশু-কিশোর সঞ্চয়ী সমিতি’ নামে আমাদের যাত্রা শুরু। প্রথম সঞ্চয় ছিল ১১জনের ১১টাকা। বাজার থেকে ছাপানো পাশবই-এ সঞ্চয়ের খতিয়ান শুরু। তখন এই প্রতিষ্ঠানের বিস্ততি ছিল মহিষবাথান পূর্বপাড়ার ১নং গলিতে। ছোট্র একটি টিনের বাক্সে রেজুলেশন ও হিসাবের কয়েকটি খাতা এবং বেশ কিছু গল্পের বই ছিল সংস্থার নথিপত্র ও সম্পদ। কার্যক্রম ছিল প্রতি সপ্তাহে সঞ্চয়ের টাকা তোলা, শীতের সময় মূলত পুরাতন শীতবস্ত্র বিতরণ, চাঁদরাতে পাড়াতে পিকনিক, বছরে দূরে কোথাও একটা করে পিকনিক ইত্যাদি। তবে শুরু থেকেই স্বচ্ছতার জন্য সংস্থার সমস্ত অর্থ যৌথ স্বাক্ষরে একটি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালনা করা হতো।
পরবর্তীতে ১৯৯৯ সালে ‘মানব সেবা অভিযান’ নামে সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন নিয়ে এই সংস্থা রাজশাহী শহর এলাকায় কার্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ ও পাবনা জেলায় কার্যক্রম বিস্তত করার অনুমোদন পায়। সংস্থা ২০০৮ সালে এমআরএ’র রেজিষ্ট্রেশন পায় এবং ২০২২ সালে পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠান হয়।
প্রথম থেকেই ‘মানব সেবা অভিযান’ বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজের জন্য পরিচিতি পেয়েছে। শুরুর দিকের পুরাতন শীতবস্ত্র বিতরণ থেকে বর্তমানে সংস্থা ক্ষুদ্রঋণ, সুদমুক্ত শিক্ষা ঋণ ও সুদমুক্ত প্রতিবন্ধী ঋণ, উচ্চ শিক্ষা বৃত্তি, মেমোরিয়াল শিক্ষা বৃত্তি, নানারকম শিক্ষা সহায়তা, স্বাস্থ্য ও চিকিৎসা সহায়তা, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ, দুস্থ ব্যক্তিদের মাসিক ভাতা প্রদান, এতিম ও দুস্থ মেয়েদের বিবাহ সহায়তা, বিদ্যুৎ সংযোগ প্রদান, যাকাত তহবিল হতে সহায়তা প্রদান ইত্যাদি সেবামূলক কাজ করছে। ইতোমধ্যে নিজস্ব ৪.৫ বিঘা জমির উপর প্রবীণ, প্রতিবন্ধী ও এতিমদের জন্য সংস্থা ‘সূবর্ণ নিবাস’ নামে একটি আবাসন ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে।
ছোট্র একটা টিনের বাক্স থেকে সংস্থার সম্পদসহ সকল ধরণের কর্মপরিসর অনেক বেড়েছে। আমার দৃঢ় বিশ্বাস সাধারণ পরিষদ, কার্যনির্বাহী পরিষদ এবং সকল স্তরের কর্মীগণের সততা, ত্যাগ, স্বচ্ছতা, জবাবদিহিতা, সঠিক দিকনির্দেশনা আর শুভাকাঙ্খীগণের সহযোগীতায় সকল মানবিক ও সেবামূলক কর্মসূচিতে এই সংস্থা ইতোমধ্যেই এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সামনে এইসকল কর্মসূচি আরও বিস্তত হবে-ইনশাআল্লাহ।
মানব সেবা অভিযান
অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগনের সচেতনতা বৃদ্ধি করে আয় বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করার পেছনে বেসরকারি সংস্থার ভূমিকা অপরিসীম। ‘মানব সেবা অভিযান’ এরূপ একটি স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়নমূলক সংস্থা।
প্রধান কার্যালয়
মহিষবাথান, রাজশাহী কাোর্ট, রাজপাড়া, রাজশাহী
অফিস সময়
রবিবার - বৃহস্পতিবার সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০
টেলিফোন
+৮৮০ ২৫৮৮ ৮৫১১১৩
+৮৮০ ১৩১৬ ২৮৬৩৩৯
ই-মেইল
msobdorg@gmail.com
info@msobdorg
